বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে চার জনের মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
ডেঙ্গুতে মৃত জালাল বেপারী (৭৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা। সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
জালাল বেপারীর জামাতা মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শ্বশুর দুই দিন আগে জ্বরে আক্রান্ত হন। পরে বরিশাল হাসপাতালে এনে ভর্তির পর তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৭৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে বর্তমানে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫১ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৪৫ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে ১৬ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে তিন হাজার ৭২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
তিনি বলেন, ডেঙ্গুরোগীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে ।
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
