২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির শেরে বাংলা হলের শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত

দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের পশ্চিম পাশের একটি অংশ হেলে পড়াসহ ভবনে ফাটলের সৃষ্টি হয়।

রাবির শেরে বাংলা হলের শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এইচ এম কামারুজ্জামান হল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ভূমিকম্পের কারণে হেলে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীদের নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নির্মাণাধীন কামারুজ্জামান হলে অবকাঠামোগত সকল কাজ এখনও সম্পন্ন হয়নি। তবে জরুরি ভিত্তিতে কয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী সজীব আহমেদ বলেন, “আমাদের আগামীকালের মধ্যে নির্মাণাধীন কামারুজ্জামান হলে যেতে বলা হয়েছে। যদিও ওই হলে এখনো পানি-বিদ্যুতের সংযোগ নেই, কিন্তু নিরাপত্তাই এখন সবচেয়ে বড় বিষয়। প্রশাসনের কাছে অনুরোধ, যেন দ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।”

হলের আরেক আবাসিক শিক্ষার্থী হাসান আলী বলেন, “হলের বর্তমান অবস্থা বিবেচনায় প্রশাসনের সিদ্ধান্ত প্রশংসনীয়। আপাতত আমাদের বাইরে থাকতে বলা হয়েছে। নির্মাণাধীন হলে কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ হলেই কয়েক দিনের মধ্যে স্থানান্তর করা হবে।”

হল প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই শিক্ষার্থীরা সেখানে উঠতে পারবেন।

“নতুন অ্যালটমেন্টের মাধ্যমে রুম বরাদ্দ দেওয়া হবে। তবে পানির লাইন, বিদ্যুৎ এবং বাথরুমসহ প্রয়োজনীয় সুবিধা এখনো পুরোপুরি তৈরি নয়। প্রাথমিকভাবে দুইজনের রুমে তিনজনকে থাকতে হবে।”

শিক্ষার্থীদের স্থানান্তরের পর শেরে বাংলা হলকে পরিত্যক্ত ঘোষণা করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “আপাতত ঝুঁকিপূর্ণ হওয়ায় এ হলে থাকতে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে। 

“সার্বিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বসবাসের উপযোগী কি-না তা জানতে বাইরে থেকে বিশেষজ্ঞ এনে পরীক্ষা করা হবে। তারপর কী ধরনের সংস্কার করা হবে তা জানা যাবে।”

এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

এতে রাবির শেরে বাংলা হলের পশ্চিমাংশের একটি অংশ হেলে পড়াসহ কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য হল পরিদর্শন করেন। 

বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও রাকসুর প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করে শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভূমিকম্পের পর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন, সরবরাহ বন্ধ

ভূমিকম্পে হেলে পড়েছে রাবির শেরে বাংলা হল, দেয়ালে ফাটল