নাটোরে ‘স্বামীর সহযোগিতায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৬
এ ঘটনায় ওই গৃহবধূ তার স্বামীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানায় পুলিশ।
নাটোরের সিংড়া উপজেলায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী।
এর আগে মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনায় আটজনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
গ্রেপ্তাররা হলেন- চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মণ্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের রাকিব আলী (২২), একই গ্রামের আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪২) এবং ভুক্তভোগীর স্বামী (৩৮)।
পুলিশ পরিদর্শক আকবর আলী বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ২৮ বছর বয়সি ওই গৃহবধূকে তার স্বামী ও শহিদুল ইসলাম উপজেলার একটি গ্রামের ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে গ্রাম পুলিশ গোপাল চন্দ্র এবং আরেক যুবক রুহুলের পাহারায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাকিব।
“পরে সেখান থেকে তাকে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের একটি ওয়ার্কসপে নিয়ে আবার ধর্ষণ করেন যুবদল নেতা নাজমুল, তার ছোট ভাই সাদ্দাম মণ্ডল এবং আব্দুল মমিন।”
তিনি বলেন, বুধবার সকালে আটজনকে আসামি করে থানায় মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে ভুক্তভোগীর স্বামীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় পলাতক দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ পরিদর্শক আকবর আলী।
