২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাড়ির সামনে বিএনপি নেতাকে গুলি

বিএনপি নেতার পরিবার এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনলেও ক্ষমতাসীন দল তা অস্বীকার করেছে। 

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 05:43 PM

Updated : 29 Oct 2023, 06:28 PM

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাবকে তার বাড়ির সামনে গুলি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় বাড়ির সামনে তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

সাইফুল ইসলাম আফতাব জেলা যুবদলের সাবেক সভাপতি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, “সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আট থেকে ১০টি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে আফতাবকে গুলি করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আইসিইউতে তার অপারেশনের প্রস্তুতি চলছে।”

সাইফুল ইসলাম আফতাবের ছোট ভাই আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, “সকালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আওয়ামী লীগের ছেলেরা এসে অতর্কিত হামলা করে। তারা আমার ভাইকে গুলি করে।

“একটা গুলি লাগার পর আমার ভাই বাড়িতে ঢুকে পড়ে যায়। আমার ভাইয়ের পিঠ, মাজা ও ডান হাতে গুলি লেগেছে। হাতের গুলি এপাশ থেকে ওপাশ দিয়ে বের হয়ে গেছে। তার অবস্থা খারাপ।”

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, “আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই ঘটনা ঘটায়নি। আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখনও কেউ এ ব্যাপারে অভিযোগ দেননি।”