রাজশাহী-কক্সবাজার পথে নভেম্বর থেকে ফ্লাইট
রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া…
রাজশাহী-কক্সবাজার আকাশ পথে নভেম্বরের মাঝামাঝি থেকে উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে।
প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট এ পথে চলাচল করবে। বুধবার বিকেলে রাজশাহী নগরভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার পথে সরাসরি বিমান চালুর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ পথে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন।
“তারা প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজারে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা।”
নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, আগামী ১৬-১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধ অথবা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনি অথবা রোববার বেলা সাড়ে ৩টায় কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
তিনি বলেন, রাজশাহী থেকে কক্সবাজারে যেতে সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন, সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আবদুল গাফফার, মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, সাজ্জাদ আলী, মতিউল হক, এস এম আইয়ুব, নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির উপস্থিত ছিলেন।
