২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘চাঁদা না দেওয়ায়’ ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 12:20 AM

Updated : 26 Aug 2026, 10:18 AM

নরসিংদীর রায়পুরা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন নিহতের এক ভাগ্নে।

মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ।

নিহত ব্যবসায়ী মোমেন মিয়া (৩৫) শিবপুর থানার যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।

গুরুতর আহত অনিককে (২২) প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোমেন মিয়া তার বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম থেকে অনিককে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একদল লোক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোমেন মিয়া মারা যান। 

গুরুতর আহত অনিককে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকেরা।

মোমেন মিয়ার ছোট ভাই বাবু মিয়ার অভিযোগ, যোশর উত্তরপাড়া এলাকার কয়েকজন তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার তারা মোমেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ হতে পাওয়া অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।