২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা মোড়ানো শীতের সকালে খেজুর রসের স্বাদ

ভোরে গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো নামিয়ে আনেন গাছিরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 02:46 PM

Updated : 05 Jan 2023, 04:39 PM

টাটকা রসের স্বাদ পেতে প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোরবেলা খেজুর রস খাওয়ার জন্য টাঙ্গাইলের সদর উপজেলার চারাবাড়ির কেন্দুয়ায় প্রতিদিনই ভিড় করছে মানুষ।

গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি এসব খেজুর গাছের মালিক সজিব। প্রতিদিন ভোর ৫টায় তার ৪৪টি গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো নামিয়ে আনেন গাছিরা। এ সময় নিচে অপেক্ষা করেন টাটকা রসের স্বাদ নিতে আসা নানা বয়সী লোকজন। খেজুরের রস শেষ না হওয়া পর্যন্ত ভিড় লেগেই থাকে।

চারাবাড়ির কেন্দুয়ায় এই খেজুর গাছগুলো খেজুরের রস পিপাসুদের কেন্দ্রস্থল। খেজুরের রস খাওয়ার পাশাপাশি খেজুর গাছ এবং খেজুরের রস নিয়ে ছবিও তোলেন অনেকে।

খাঁটি খেজুরের রস শহরে পাওয়া যায় না, এমন কি গ্রামেও সচরাচর দেখা যায় না। শোনা যায় না চিরচেনা সে সুমধুর স্বর -খেজুরের রস নিবেন? খেজুরের রস। কোথাও কোথাও খেজুরের গুড় পাওয়া গেলেও দাম তুলনামূলক বেশি। তাই খেজুর গাছ যেখানে বেশি, সেখান থেকেই লোকজনকে খেজুরের গুড় সংগ্রহ করতে বেশি দেখা যায়।

শীতের শুরুতে খেজুর রস লিটার ৮০ টাকায় বিক্রি করলেও চাহিদার কারণে দাম বেড়ে এখন লিটার ১০০ টাকায় বিক্রি করছেন বলে জানান সজীব।

সজিব বলেন, মানুষের খেজুর রস খাওয়ার চাহিদা পূরণ করতে গাইবান্ধার মিস্টার আলী ও সেন্টু নামে দুই ভাইকে কাজে লাগিয়েছেন। তারা খেজুর গাছের কাছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি ঘরে থাকে। আর সারাদিন খেজুর গাছের পরিচর্যা করেন। ভোর বেলা ও রাতে খেজুর রস নামায় এবং দুপুর বেলায় খেজুর গাছ চেঁছে দেয়।

“৪৪টি খেজুর গাছ থেকেই পর্যায়ক্রমে খেজুরের রস নামানো হয়। তবে খেজুরের রস পাইকারি বিক্রির সুযোগ থাকে না, কারণ খুচরা বিক্রি করেই সব শেষ হয়ে যায়।”

মিস্টার আলী ও সেন্টু মিয়া জানান, খেজুর গাছের রস আহরণে তাদের ১৭ বছরের অভিজ্ঞতা। কুয়াশা ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের তুলনা হয় না। এই মধুবৃক্ষ থেকে পাওয়া রস কাঁচা ও জ্বাল দিয়ে খেতে যেমন সুস্বাদু, তেমনি এ রস দিয়ে তৈরি গুড় ও পাটালিরও তুলনা নেই। খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের রসে প্রচুর এনার্জি বা শক্তি রয়েছে।

বৃহস্পতিবার ভোরেও সজিবের খেজুরের গাছের সামনে রস খেতে আসা লোকজনের ভিড় দেখা গেলো। তাদেরই একজন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান।

হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতে খেজুর রস খাওয়ার মজাই আলাদা, ঠাণ্ডায় বের হতে কষ্ট হলেও রস খাওয়ার লোভ সামলাতে না পেরে চলে এলাম।”

শহরের আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা আতিক বলেন, “শহরে খেজুর রস বিক্রি করার লোক পাওয়া যায় না। মানুষের কাছে শুনে শুনে খেজুরের রস খেতে এসেছি।”

চারাবাড়ি এলাকার বাসিন্দা কসমস কম্পিউার সেন্টারের মালিক শওকত আলী বলেন, “আগে ভোর বেলায় খেজুর নামাতে দেখতাম। হাঁড়িতে ভরে ভরে গ্রামগঞ্জে শহরের আনাচে কানাচে খেজুরের রস বিক্রি করতে দেখতাম। আর এখন খেজুর গাছের অভাব, খেজুর গাছের পরিচর্যার অভাবে রস এখন আর তেমন পাওয়া যায় না।

“তবে বাঙালিদের খেজুরের রস খাওয়ার চাহিদা যেমন ছিল এখনও তেমনই আছে- এটা কেন্দুয়ার এই খেজুর তলায় এলে প্রমাণ মেলে।”

প্রকৃতি প্রেমী মশিউর রহমান পেশায় ব্যারিস্টার। কুয়শা ভেজা ভোরে বাকিদের মত তিনিও ভিড় করেছেন সজিবের গাছের খেজুরের রস খেতে।

ছোটবেলার স্মৃতি হাতড়ে বলেন, সেসসয় ক্ষেতের আইলে চলতে চলতে শিশিরে ভিজে যেত পায়ের পাতা। সন্ধ্যে হলেই দেখতাম, গাছে বাঁধা হচ্ছে হাঁড়ি। সকাল হতে না হতেই খেজুর রসের চেনা স্বাদে মাতোয়ারা হতে উঠত চারপাশ। বাড়ির উঠোন বা ধান কেটে নেওয়া শূন্য মাঠে গোল হয়ে বসে শীতের মধ্যে রসে স্বাদ নিত সবাই। এখন ইট-পাথরের নগরে এসব পাওয়া কঠিন।

“কিন্তু অনেক দিন পর বন্ধু টিপু মীর্জার ডাকে সাড়া দিয়ে এই খেজুর তলায় এসে ভিড় থেকে এক লিটার খেজুর রস পেলাম। খুবই ভালো লাগলো।”

ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মির্জা জাহাঙ্গীর আদিল বলেন, “শৈশব-কৈশোরটা যাদের গ্রামে কেটেছে, খেজুর গাছ থেকে রসের হাঁড়ি চুরি করে রস খাওয়া তাদের এটি মূল্যবান স্মৃতি। এ স্মৃতি ভোলার নয়। এ যুগের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কোমল পানীয়ের স্বাদ জানে, কিন্তু তারা খেজুর রসের স্বাদ জানে না। এটার প্রতি যত্নবান হওয়া উচিত। এটা আমাদের ঐতিহ্য।”

“খেজুরে আলাপ বিরক্তিকর হলেও খেজুর রসের কোনো ক্ষতিকর দিক নেই।” যোগ করেন তিনি।