২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ ঘণ্টার তীব্র জটে ভোগান্তি

“সাম্প্রতিক সময়ে মহাসড়কে এমন ভোগান্তিতে পড়িনি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 04:26 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়ে নাকাল হতে হয়েছে চালক ও যাত্রীদের।      

শুক্রবার ভোর ৪টায় মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকায় একটি ট্রাক দুর্ঘটনার পর যানজট শুরু হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার শহীদনগর থেকে রায়পুর পর্যন্ত অন্তত দশ কিলোমিটার এলাকায় তা ছড়িয়ে যায়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বেলা সাড়ে ১২টা থেকে।

দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করতে গিয়ে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে গাড়ি আসা এবং ছুটির দিনে যানবাহনের বাড়তি চাপ থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বেলা সাড়ে ৩টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলমের সঙ্গে কথা হয়। তিনি বলছিলেন, “ছুটির দিন হওয়ায় এমনিতেই সড়কে যানবাহনের তীব্র চাপ ছিল। তারউপর যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত কিছু গাড়ি উল্টো পথে প্রবেশের কারণে যানজট সৃষ্টি হয়।”

বেলা সাড়ে ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।

এত দীর্ঘ পথে যানজট তৈরির কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করতে গেলে ঢাকামুখী লেনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে ওই লেনে যানচলাচল বন্ধ থাকায় উল্টো পথে যান চলাচল শুরু হয়।

এতে মহাসড়কের শহীদনগর থেকে রায়পুর পর্যন্ত অন্তত দশ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী আর চালকরা। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে কাজ করতে দেখা যায়।

কুমিল্লা সদরের বাসিন্দা সাইফুল ইসলাম বলছিলেন, “শুক্রবার সকাল ৭টায় ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে উঠি। বেলা ১১টা পর্যন্ত দাউদকান্দি-তেই আটকে ছিলাম।

“অথচ এ সময়ের মধ্যে ঢাকায় গিয়ে আবার কুমিল্লায় ফিরতে পারতাম। সাম্প্রতিক সময়ে মহাসড়কে এমন ভোগান্তিতে পড়িনি।”

কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পরিবহনের বাস চালক জামাল হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে মহাসড়কে গাড়ির প্রচুর চাপ ছিল। এর মধ্যে দাউদকান্দিতে দুর্ঘটনা কবলিত একটি ট্রাক উদ্ধারের সময় হাজারও মানুষ দুর্ভোগে পড়েছে। সড়কে দাঁড়িয়ে থেকে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা সময় নষ্ট হয়েছে আমার।”