২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মধ্যরাতে অন্য বাড়িতে যুবলীগ নেতা খুন

তানভীরের মা অভিযোগ করে বলেন, “ওই নারী যা বলছেন, তা মোটেও সত্য নয়।”

কুমিল্লায় মধ্যরাতে অন্য বাড়িতে যুবলীগ নেতা খুন
তানভীর আহমেদ ভূঁইয়া কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 03:15 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক যুবলীগ নেতা খুন হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে চান্দিনা থানার এসআই সুজন দত্ত জানান।

নিহত তানভীর আহমেদ ভূঁইয়া (৩২) একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

অপরদিকে আটক সেলিম মিয়া (৩৫) গড়ামারা গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।

আটক সেলিম মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তানভীর রাত ২টার দিকে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সেলিমের সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তানভীর অচেতন হয়ে পড়ে। পরে সে মারা যায়। 

তবে নিহত তানভীরের মা নিলুফা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারী যা বলছেন, তা মোটেও সত্য নয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।” 

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, “আমিও ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ যে, ওই বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির বা পাশাপাশি মানুষ ঘটনাটি জানবে না, সেটা হতে পারে না। কিন্তু কেউ মুখ খুলছেন না।” 

এসআই সুজন দত্ত বলেন, “তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা দাগ আছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদঘাটন করতে পারিনি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”