মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে, গাজীপুরে এজেন্টসহ ৮ জনকে জরিমানা
নির্বাচনি বিধি ভঙ্গ করায় এক কেন্দ্রের আটজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে ভোট চলাকালীন মোবাইল ফোন রাখার দায়ে এক এজেন্টসহ আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আটকের পর তাদের এ জরিমানা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
দণ্ড পাওয়া জাহিদ হাসান বৈরাগীর চালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের নির্বাচনি এজেন্ট ছিলেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোফাকখার হোসেন বলেন, “নিয়ম না মেনে ভোট কক্ষে মোবাইল ফোন রেখেছিলেন জাহিদসহ আটজন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটজনকে চার হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম।
নির্বাচনি বিধি ভঙ্গ করায় ওই কেন্দ্রের আটজনকে জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাইখা সুলতানা।
