২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে মাছ ধরতে গিয়ে কান্নার শব্দ, শপিং ব্যাগে মিলল নবজাতক

টাঙ্গাইলে উদ্ধার করা নবজাতককে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাতে মাছ ধরতে গিয়ে কান্নার শব্দ, শপিং ব্যাগে মিলল নবজাতক
টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে উদ্ধার করা নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 08:19 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাছ ধরতে গিয়ে কান্নার শব্দ পেয়ে পাশে পড়ে থাকা শপিং ব্যাগে এক নবজাতককে পাওয়া গেছে।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকা থেকে এক ইজিবাইক চালক নবজাতক কন্যা সন্তানটিকে উদ্ধার করেন বলে জানান বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরুখ খান।

বর্তমানে নবজাতকটি পশ্চিম পৌলী এলাকার বাসিন্দা ইজিবাইক চালক কাজী রবিন ও তার স্ত্রী মিম আক্তারের তত্ত্বাবধায়নে আছে বলে জানান তিনি। 

হাবলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, সোমবার রাতে কাজী রবিন মাছ ধরতে গিয়ে হঠাৎ কান্নার শব্দ পান। ঘটনাস্থলের পাশে পড়ে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে নবজাতককে দেখতে পান তিনি। পরে স্থানীয়দের উপস্থিতিতে নবজাতককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান রবিন। 

রাতেই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়কে অবগত করা হয়। মঙ্গলবার দুপুরে নবজাতককে চিকিৎসার জন্য বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ইউএনও শাহরুখ খান বলেন, “চিকিৎসা শেষে নবজাতকটিকে সমাজসেবা কার্যালয়ের জেলা কমিটির কাছে পাঠানো হবে। পরে জেলা প্রশাসক নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”