২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে বহু শিক্ষার্থী অসুস্থ

“ক্যান্টিনের খাবারও এর চেয়ে ভালো। এটা এতটাই খারাপ ছিল যে ফেলে দিতে হয়েছে।”

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে বিভিন্ন হলের প্রায় একশ’র বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।   

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে অসুস্থ শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, “সাধারণত প্রতিদিন গড়ে তিনশ’র মতো শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। কিন্তু বুধবার শুধু সকালের শিফটেই চার শতাধিক শিক্ষার্থী এসেছেন; যাদের বেশিরভাগেরই পেটের সমস্যার কথা বলেছেন।”

তিনি বলেন, চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ‘বিজয় ফিস্টে’র খাবার খাওয়ার পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা খাবার খেয়ে অসুস্থ হলেও ‘অধিকাংশ’ বিজয়-২৪ হলের। 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “বিজয় ফিস্টে’র খাবারের অর্ধেক খাওয়ার পরই শরীরে অস্বস্তি লাগছিল। পরে পেট ব্যথা শুরু হয়। আমার অনেক বন্ধুরও একই অবস্থা হয়েছে।”

একই হলেরর আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “খাবার খাওয়ার পর হলের অধিকাংশ ছেলেই অসুস্থ হয়ে পড়ে।”

অন্যান্য হলগুলোতেও খাবার ‘বাসি’ ও ‘নিম্নমানের’ ছিল বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। অনেকেই প্যাকেটের মধ্যে চুল ও  পোকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী রবিউর রহমান বলেন, “ক্যান্টিনের খাবারও এর চেয়ে ভালো। এটা এতটাই খারাপ ছিল যে ফেলে দিতে হয়েছে।”

শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থী আরহাদ আহমেদ বলেন, “রোস্ট ছোট ছিল; ভালোভাবে সিদ্ধও হয়নি। বাজেট ছিল ১৫০ টাকা কিন্তু খরচ হয়েছে বড়জোর ১০০ টাকা।”

এ বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক জামিরুল ইসলাম বলেন, “কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা চিহ্নিত করতে আমরা কাজ করছি। সমস্যা চিহ্নিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টদের কাছ থেকে কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।”