Published : 14 Jun 2026, 09:10 PM
ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক’ সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা, সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে এটি পুরাতন প্রশাসনিক ভবনসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য মোহাম্মদ রুবেল।
বাবর বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে যে ঘটনা সামনে এসেছে, তা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে নানা তথ্য উঠে এসেছে। মিথ্যা গুমের নাটক সাজিয়ে অতীতে গুম ও নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনাগুলোকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি অসম্মানজনক।”
তিনি বলেন, “এ ধরনের ঘটনার মাধ্যমে সরকারকে দোষারোপ করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। জামায়াত-শিবিরের উচিত অপপ্রচারনির্ভর রাজনীতি পরিহার করে স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় ফিরে আসা। অন্যথায় ছাত্রদল রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবিতে সোচ্চার থাকবে।”
মোহাম্মদ রুবেল বলেন, “কুমিল্লার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে গুমের নাটক সাজিয়ে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল বলে আমরা মনে করি। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে।”