বরিশালে ইউনিয়ন পরিষদের পুকুরে মিলল ৫ আগ্নেয়াস্ত্র
যারা দেশের আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে অপারেশন অব্যাহত থাকবে, বলেন মহানগর পুলিশের উপ কমিশনার।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানিয়েছেন।
এ নিয়ে বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত কুমার সরকার এয়ারপোর্ট থানায় বিফ্রিং করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশ ‘ডেভিল হান্টের’ আওতায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নে অভিযান চালায়।
তখন ওই পুকুর থেকে অপরাধীদের ফেলে যাওয়া পাঁচটি দেশীয় তৈরি পাইপ গান অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে উপ-পুলিশ কমিশনার বলেন, “এগুলো যারা ব্যবহার করে। যারা অবৈধ অস্ত্রধারী, যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, যারা দেশের আইনশৃংখলা বিঘ্ন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে।
“উদ্ধার অস্ত্র যাদের হাতে ছিল, দ্রুত সময়ের মধ্যে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
