অন্তর্বর্তী সরকার কি ভাল ভোট করতে পারবে, প্রশ্ন মান্নার
বগুড়া জেলা পরিষদ মিলনাতয়নে নাগরিক ঐক্যের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার ভাল ভোট করতে পারবে কি-না সেই প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, “ইউনূস সরকার আওয়ামী লীগের মত চোর-ডাকাতের সরকার না। রাহাজানি করে না, লুট করে না। কিন্তু ইউনূস সরকার কি ভাল ভোট করতে পারবে? কে জানে?
“পুলিশ তো ঠিক নাই। ইউনুস সরকার পুলিশ ঠিক করতে পেরেছে? এখনও পারেনি। পারবে বাকি সময়? না বললে তো আমাদের লাভ নেই। পারতেই হবে।”
সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনাতয়নে নাগরিক ঐক্যের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা।
মাহমুদুর রহমান মান্না বলেন, “তিনবার দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভাল নির্বাচন করে যেতে পারে তাহলে দেশের সম্মান বাঁচবে।”
তিনি বলেন, “শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন।”
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “আওয়ামী লীগ মনে করেছিল, অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তা কি পেরেছে? দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টারে ওঠেছে। এখন ওখান (ভারত) থেকে শেখ হাসিনা মাঝে মাঝে গরম বক্তৃতা ঝাড়েন, তাতে কিছু কাজ হচ্ছে? হচ্ছে না, হবে না। কারণ লুট করেছেন, চুরি করেছেন- এটা মানুষ জানে। লুটেরাদের মানুষ আর দেখতে চায় না।”
কর্মীসভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান আহমেদ, মহিদুল ইসলাম, আব্দুল হাই দুদু, ঝর্ণা বেগম, মো. আরিফ।
পরে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনি এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।
