কোথাও যেন ভাগ-বাটোয়ারায় গরমিল হয়েছে: বেনজীর প্রসঙ্গে রিজভী
তিনি বলেন, “আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয়; আবার সব কথা ছাপায় না পত্রিকাগুলি।”
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে ভাগ-বাটোয়ারায় কোথাও যেন গরমিল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘বেনজীরকে নিয়ে যে কেচ্ছা-কাহিনী, যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি, সেটা কী শেখ হাসিনা জানতেন না? অথচ এখন খবরের কাগজে আসছে ঘটনাগুলো।”
সোমবার বিকালে যশোরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, “এখন শোনা যাচ্ছে, উনি (বেনজীর) নাকি দেশ ছেড়ে চলে গেছেন। দেশ ছেড়ে কোথায় গেছেন এটা সরকারের কেউ জানে না। উনারাও আশঙ্কা করছেন, বেনজীর দেশ ছেড়ে চলে যেতে পারেন। যার নামে এতো কীর্তি, যার নামে অত ঘটনা ঘটছে সে দেশ ছেড়ে চলে গেল আর তা সরকার কিছুই জানতে পারছে না, কী করে এটা সম্ভব?”
তিনি আরও বলেন, “আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয়, আবার সব কথা ছাপায় না পত্রিকাগুলি। ছাপাতে ভয় পায়। আমরা তো একটা নতুন ধরনের বাকশালে আছি।
“রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি বটে, কিন্তু দলের স্বাধীনতা নেই। রাজনীতিক দল কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা ঠিক করে দেবেন, যেটা তালিকা দেবেন, সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন বিকাল বেলা পাস করবেন। এটাই হচ্ছে বিধান।”
রিজভী আরও বলেন, “আওয়ামী সরকার দেশপ্রেমের ধার ধারে না। ওদের বড় বড় প্রজেক্ট দরকার। আর টাকা দরকার। প্রজেক্ট আর টাকার মধ্যে দিয়ে নিজেদের সম্পদশালী করাই এদের লক্ষ্য।”
যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘রাষ্ট্রনায়ক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্ব করেন।
এতে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
