২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়; এতে আহত হয়েছেন দুইজন। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।

তবে এ ঘটনা নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

স্থানীয়রা জানান, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের ব্যক্তিগত কার্যালয় ও বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের প্রতিরোধ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তানভীর হাসান সুমনের অভিযোগ, “দুপুরে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে মিছিল নিয়ে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিরোধ করতে গেলে সজল ও কামরুজ্জামান ফিরোজ আহত হয়। এ সময় এলাকাবাসী দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।”

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের দাবি, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দিয়েছে। হামলাকারীরা বিএনপির কেউ নয়, তারা ডাকাত।”

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, একটু উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছিল। ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ অগাস্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামের এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জেরে আবারও সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান।