২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চুরি-ছিনতাইয়ের ফোনে নতুন আইএমইআই, গ্রেপ্তার ৪

আইএমইআই নম্বর পরিবর্তন করায় মোবাইল উদ্ধার করেও মালিকদের দিতে পারছে না পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চুরি-ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার রাতে উপজেলা সদরের ডাকবাংলো মোড়ের পুষ্প টেলিকম নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়াঘাটা গ্রামের মো. হুসাইন খান (৩৪), আতাইকাঠি গ্রামের মো. অহিদুল ইসলাম (২৬) এবং খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের চন্দন সাহা (৩০)।

ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নম্বর হলো প্রতিটি মোবাইলে নিজস্ব পরিচয় নম্বর। এটি ১৫ ডিজিটের হয়। মোবাইল ফোন হারিয়ে গেলে সাধারণত এই নম্বর ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী সেটির অবস্থান শনাক্ত করতে পারে। 

পুলিশ সুপার বলেন, আইএমইআই নম্বর পরিবর্তন করায় ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তাই উদ্ধার করা ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়াও সম্ভব হচ্ছে না।

উদ্ধার করা ফোনগুলো বিভিন্ন ব্র্যান্ডের। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।