২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২

যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২
ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত শিশুর স্বজনদের আহাজারি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ঝিনাইদহ সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে উপজেলার আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আরাপপুর হাইওয়ে থানার এসআই ইয়াসির আরাফাত।

নিহতরা হলেন- ওই এলাকার সিফাত হোসেন (৭) এবং ভ্যান চালক নজরুল ইসলাম। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায় যায়নি।

এসআই ইয়াসির আরাফাত বলেন, দুপুরে উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়। 

আহত ভ্যান চালক নজরুলসহ দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

তিনি বলেন, ঘটনার পরপর চালক বাস রেখে পালিয়েছেন। পরে বাসটি জব্দ করা হয়। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর সড়ক ছেড়ে দেন তারা।