ফরিদপুরে বিএনপির কর্মী সম্মেলনে দুপক্ষের মারামারি
বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি এস এম নূরুজ্জামান জানান।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের দলীয় মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে বিরোধ চলছে।
এতে নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া।
কর্মী সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের সমর্থকদের নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ওই সময় শামসুদ্দিন মিয়ার সমর্থকরা বাগাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন। তখন খন্দকার নাসিরুলের সমর্থকরা তাদের বাধা দেন।
এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে নাসিরুলের সমর্থকরা শাহাবুদ্দিনের সমর্থকদের সম্মেলনস্থল থেকে তাড়িয়ে দেন।
এর প্রতিবাদে শাহাবুদ্দিনের সমর্থকরা কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পরে পরিস্থিতি শান্ত হলে মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন বলেন, “সম্মেলনের শুরুতে একটু ঝামেলা হয়েছিল। মারামারির ঘটনা ঘটেছিল। তবে তা দ্রুতই মিটে যায় এবং সম্মেলন নির্বিঘ্নে শেষ হয়।”
মধুখালী থানার ওসি এস এম নূরুজ্জামান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিএনপির কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
