২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 06:08 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও ঘাটের দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শম্ভুপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র সরকার।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

গ্রামবাসী জানান, চব্বিশের ৫ অগাস্টের পর সম্ভুপুর ঘাটে পণ্যবাহী যানবাহন থেকে নিয়মিত টাকা আদায়, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে হাতিগাড়া গ্রামের সঙ্গে শম্ভুপুর গ্রামের দ্বন্দ্ব চলছিল। 

এদিন বেলা ১১টার দিকে ‘চাঁদাবাজির টাকা’ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের মধ্যে পড়ে ১০ থেকে ১৫ জন পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষ চলাকালে আতঙ্ক ছড়ালে শম্ভুপুর বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঘাটের দখল নিয়ে সাবেক দুই কমিশনারে অনুসারীরা এলাকায় ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে। দুজনই বিএনপির রাজনীতি করলেও পদ-পদবি নেই।

শান্তি রক্ষায় এলাকায় পুলিশি টহলের পাশাপাশি সেনাবাহিনীও নজরদারি চালাচ্ছে বলে জানান ওসি নিতাই চন্দ্র সরকার।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, “ঈদের দিন থেকে এমন পরিস্থিতি চলে আসছে। শুরুতে থানা পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে আনলেও আবার শুরু হয়। 

“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে গিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।”

দ্রুত সব নিয়ন্ত্রণ হবে বলে জানিয়েছেন পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ।