চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু বৃহস্পতিবার থেকে
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওইদিন থেকে পুরো মে ও জুন মাসব্যাপী পর্যায়ক্রমে জেলায় উৎপাদিত বিভিন্ন জাতের আম গাছ থেকে সংগ্রহ করা হবে।
চুয়াডাঙ্গা জেলায় গাছ থেকে আম সংগ্রহ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।
রোববার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা।
ওইদিন থেকে পুরো মে ও জুন মাসব্যাপী পর্যায়ক্রমে জেলায় উৎপাদিত বিভিন্ন জাতের আম নামানো হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা জেলার আমবাগান থেকে গুটি, আঁটি ও বোম্বায় জাতের আম সংগ্রহ করা হবে। ল্যাংড়া আম নামানো হবে ৩০ মে। আম্রপালি ও ফজলি আম গাছ থেকে নামানো হবে যথাক্রমে ৭ ও ১৫ জুন। ১ জুলাই নামানো হবে বারি ৪ জাতের আম।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, “জেলায় দুই হাজার ৩০৪ হেক্টর জমিতে রয়েছে আমবাগান। এসব আমবাগান থেকে ৩০ হাজার মেট্রিকটন আম উৎপাদন হবে। এ বছর ১৬ মে থেকে ১ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখে গাছ থেকে আম নামানো হবে। সভায় উপস্থিত বাগানমালিকরা এ সিদ্ধান্তে একমত পোষণ করেন।”
ডিসি বলেন, “নির্ধারিত তারিখের আগে কেউ অপরিপক্ব আম গাছ থেকে পেড়ে বিক্রি করলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। কোনোক্রমেই অপরিপক্ব আম নামিয়ে বিক্রি কিংবা অন্য কোথাও বাজারজাত করা যাবে না।”
