লালমনিরহাটে তিন আসনে নৌকার জয়, জামানত হারাল জাতীয় পার্টি
একটি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও বাকি দুটি আসনে লাঙ্গলের প্রার্থী ছিলেন।
লালমনিরহাটে তিনটি আসনের সবকটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। তবে এক সময় জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এ জেলা থেকে এবার একটি আসনও পায়নি দলটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন লালমনিরহাট-১ আসন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী হাবিবুল হক বসুনিয়া। তবে অন্য দুটি আসনে প্রার্থী থাকলেও এবার তারা জামানত হারিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার তিনটি আসনের মধ্যে লালমনিরহাট-৩ আসনে জয় পেয়েছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সেবার সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছিল। তবে সেবার অন্য দুটি আসনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি লাঙ্গলের প্রার্থীরা।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিলেও লালমনিরহাটের কোনো আসন ছিল না। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আগের আসনটি ছেড়ে রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসনে নৌকার প্রার্থী মোতাহার হোসেন ৯০ হাজার ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর আগে ১৯৯১ ও ১৯৯৬ এর নির্বাচনে জাতীয় পার্টি থেকে এ আসনটিতে জয়নুল আবেদীন সরকার নির্বাচিত হয়েছিলেন।
এরপর ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন মোতাহার হোসেন। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টি থেকে প্রথমে প্রার্থী দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মনোনয়ন প্রত্যাহার করে নেন হাবিবুল হক বসুনিয়া।
আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনটিতে টানা সাতবার নির্বাচিত হয়েছিলেন মজিবর রহমান। এরমধ্যে দুই বার বিএনপি এবং চারবার জাতীয় পার্টি থেকে। তিনি মারা যাওয়ার পর জাতীয় পার্টির আর কেউ আসনটি ধরে রাখতে পারেননি। এবারের নির্বাচনে এসে জামানত হারালেন লাঙ্গলের প্রার্থী।
লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৯৭ হাজার ৪৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫১ হাজার ৩৩৮ ভোট। আর জাতীয় পার্টির দেলোয়ার হোসেন পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৩ ভোট।
অন্যদিকে সদর উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মতিয়ার রহমান ৭৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৯৯৭ ভোট।
আর তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির জাহিদ হাসান। তিনি পেয়েছেন ১০ হাজার ৪৬১ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১ হাজার ১৫৩টি। মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত হারিয়েছেন লাঙ্গলের প্রার্থী।
২০০১ সালে এ আসন থেকে বিএনপির আসাদুল হাবীব দুলু, ২০০৮ সালে জি এম কাদের, ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল ও ২০১৮ সালে ফের জি এম কাদের নির্বাচিত হয়েছিলেন।
