জামালপুরে ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ
সদর উপজেলার শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর উপজেলায় পুলিশের চেকপোস্টে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
শুক্রবার দুপুরে উপজেলার শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুরের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কেন্দুয়ার চর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে দেলোয়ার মাহমুদ (৫০) এবং তার ছেলে ইশতিয়াক মাহমুদ (২২)।
দেলোয়ার হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর ইশিতয়াক মাহমুদ নারায়ণগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ সময় নিহত দেলোয়ার মাহমুদের ছোট ছেলে আবরার (৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়াতে ইশারা দেন তারা। ট্রাকটি থামে। তখন পেছনে থেকে মোটরসাইকেলটি বের হয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার ও ইশতিয়াক নিহত হন। গুরুতর আহত আবরারকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়রা পুলিশের উপর হামলা করে এবং জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে।
জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধারের চেষ্টা করি। কিন্তু স্থানীয়রা বিচার দাবি করায় তা সম্ভব হয়নি।”
