ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা
“ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করছি,” বলেন ওসি আব্দুল মান্নান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাবুর্চিকে সড়কের উপর কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম রায়হান মোল্লা (৫০)। তিনি নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন। তিন ছেলেকে নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের মেজো ছেলে মো. সাব্বির বলেন, কয়েক দিন আগে তার বাবা চাষাঢ়া রেলস্টেশনে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন।
“কিন্তু সেটি স্থাপন করতে গেলে বাধা দেয় রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি। দোকান দিতে হলে চাঁদা দিতে হবে বলে তিনি জানান। পরে এ নিয়ে তর্কের জেরে রাজ্জাক একবার বাবাকে ছুরিকাঘাতও করেছিল।”
তিনি বলেন, “রাজ্জাকের অনেক লোকজন আছে। এই কারণে এসব নিয়া আমরা আর বাড়াবাড়ি করি নাই। বাবারেও কইছি, এইটা নিয়া ওর সঙ্গে আর কথা না বলতে।”
ওই শত্রুতার জেরেই রাজ্জাক তার লোকজন নিয়ে রায়হান মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে সন্দেহ তার ছেলের।
ফতুল্লা মডেল থানার এসআই আবু রায়হান বলেন, “কয়েক জন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে রাস্তার উপর এলোপাথারি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের লোকজন কয়েকজনের নাম বলছেন। বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে দেখবো।
“ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।”
