যশোরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম
চিকিৎসক বলেন, “কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়।”
যশোরের শার্শা উপজেলায় দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে; তবে দুই ঘণ্টা পরই সে মারা গেছে।
সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাগআঁচড়া নার্সিং হোমে চিকিৎসক এ বি এম আক্তার মারুফের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির মা সুস্থ রয়েছেন।
নবজাতকের বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।
নূরুন নবী বলেন, তারা জানতেন জমজ সন্তান হবেন। রাত ৮টার দিকে রত্নার প্রসববেদনা উঠলে নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে সিজারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলেশিশুর জন্ম হয়।
“দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক আছে।”
তিনি বলেন, জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। তবে ভর্তির দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়।
বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, “কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়।
এ ধরনের বাচ্চা পেটের মধ্যেও অনেক সময় মারা যায়; আবার অনেকের জন্মের পরও মৃত্যু হতে পারে বলে জানান চিকিৎসক।
