২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস বন্ধ

“মালিকদের সঙ্গে আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবায়নের আগে ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 12:35 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকরা বাস বন্ধ করে দিয়েছেন বলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানিয়েছেন।

‘একতা ট্রান্সপোর্ট’ ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বাসের চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফায় বাস বন্ধ করেছিলেন।

এবার তৃতীয় দফায় আবারও বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

মালিকপক্ষের ভাষ্য, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো বাড়ালেও তারা আবার নতুন দাবি তুলছেন। শ্রমিকেরা ‘যত্রতত্র বাস থামিয়’ যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন।

এতে ব্যবসায় ক্ষতি হবে জানিয়ে মালিকপক্ষ বলছে, এভাবে বাস চালানো সম্ভব নয়। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

বজলুর রহমান বলেন, “গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝোতার পর বাস চলাচল শুরু হয়। কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ করতে হয়েছে।”

এর আগে ৭ সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে দুদিন পরিবহন বন্ধ ছিল। মালিকদের আশ্বাসে ৯ সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১ হাজার ৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারী ৭০০ টাকা পাবেন এবং তা শুক্রবার থেকে বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে ‘বেশি টাকা বেতন দেবে না’ জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়।

তিনি বলেন, “মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা।

“পূজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভিড়। এর মধ্যে কোনো ঘোষণা ছাড়া রাতের বেলা বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।”