২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা: ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

সাজার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 02:39 PM

Updated : 19 Sep 2022, 02:52 PM

মাদারীপুরের শিবচরে ২৫ বছর আগে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত গোবিন্দ চন্দ্র পাল মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং জানান, যাবজ্জীবন সাজার পাশাপাশি বিচারক গোবিন্দকে ৫ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় গোবিন্দ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর গোবিন্দ চন্দ্র পাল তার স্ত্রী মীনালি রানী পালকে (২৩) শ্বাসরোধ করে হত্যা করে। পরে গোবিন্দ পালিয়ে যায়।

এ ঘটনায় শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন ১৯৯৭ সালের ৯ জানুয়ারি গোবিন্দকে আসামি একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মাদারীপুর গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হক ভূইয়া ওই বছরের ১ ফেব্রুয়ারি গোবিন্দর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।