২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ‘লঙ্ঘন’: ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তিতে এ ঘটনায় নাম আসে ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন আক্তারের।

আচরণবিধি ‘লঙ্ঘন’: ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ
চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারসভা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 12:46 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি সভা করার অভিযোগে লক্ষ্মীপুরে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও এসেছে।

শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেলের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া এসব তথ্য দেন।

জরিমানার মুখে পড়া ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি চররমনী মোহন গ্রামের বাসিন্দা।

চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে এ সভা আয়োজন করা হয়। তবে প্রার্থী সভায় উপস্থিত ছিলেন না। 

জেলা প্রশাসন বলেছে, বিকালে চর আলী হাসান গ্রামে  নির্বাচনি আচণবিধি লঙ্ঘন করে সভা আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে। 

পরে দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তিতে এ ঘটনায় নাম আসে ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন আক্তারের। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। 

নয়ন জেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান। 

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থক প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না।