০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে আটক ৫

আটকদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 10:26 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

খুলনায় ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে নগরের খালিশপুর এলাকায় পদ্মা ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালমা খাতুন।

জরিমানা পাওয়ারা হলেন- লরি চালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টু, রানা ও বিল্লাল।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, দুপুরে ট্যাংকলরি থেকে গোপনে ড্রামে অকটেন ভরছিলেন ওই পাঁচজন। এ সময় তাদের হাতেনাতে আটক করেন এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

উম্মে সালমা বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তেল চুরির অভিযোগ তারা স্বীকার করেন। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।

অপরাধের ধরন বিবেচনায় তাদের কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে ১৯ মার্চ খালিশপুর নিউ মার্কেটে ময়লার স্টেজ পয়েন্ট থেকে খুলনা সিটি করপোরেশনের গাড়ির তেল চুরির সময় চালক এনায়েত হোসেন বাবলুকে আটক করা হয়।