চিনি উৎপাদন লাভজনক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: শিল্পমন্ত্রী
১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু করল নর্থ বেঙ্গল চিনিকল।
নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলসহ অন্যান্য চিনিকলে বহুমুখী উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, “দেশীয় শিল্পের উন্নয়নে সরকারের বিশদ কর্মপরিকল্পনা আছে। চিনি উৎপাদন লাভজনক পর্যায়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।“
শুক্রবার বিকাল ৩টায় লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
দুই লাখ ১৯ হাজার টন আখ মাড়াই করে সাত শতাংশ হারে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু করল নর্থ বেঙ্গল চিনিকল। ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আশা প্রকাশ করেন, “শ্রমিকদের প্রশিক্ষণ, কৃষি যান্ত্রিকীকরণ ও দুর্নীতি বন্ধ করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চিনিশিল্প লাভজনক পর্যায়ে যাবে।“
অনুষ্ঠানে আখের দাম বৃদ্ধি, সময়মত দাম পরিশোধ, সার সরবরাহ স্থিতিশীল রেখে চিনির উৎপাদন বাড়িয়ে চিনিশিল্পের উন্নয়নের দাবি জানান কৃষক ও শ্রমিক নেতারা।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
৬৫ কোটি টাকা লোকসান নিয়ে নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯০তম আখ মাড়াই মৌসুমে (২০২২-২৩) ১৩৭ কর্মদিবসে দুই লাখ ১৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার ৩৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
