রংপুরে পিটিয়ে রূপলাল-প্রদীপকে হত্যার আসামি গ্রেপ্তার
চলতি বছরের অগাস্টে তারাগঞ্জে পিটিয়ে রূপলাল দাস ও প্রদীপ লালকে হত্যা করা হয়।
রংপুরের তারাগঞ্জে পিটিয়ে রূপলাল দাস ও প্রদীপ লালকে হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রুবেল পাইকার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকার বাসিন্দা।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, রুবেলকে শনিবার রাত ১টার দিকে টাঙ্গাইল সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, চলতি বছরের ৯ অগাস্ট রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনির স্বামী প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রূপলাল দাস। তিনি মেয়ের বিয়ে ঠিক করতে গিয়েছিলেন। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে প্রদীপের কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও ওষুধ পান।
বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা দুজনকে বিদ্যালয়ের মাঠে নিয়ে গণপিটুনি দেয়। তাদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে প্রদীপ লালের মৃত্যু হয়।
১০ অগাস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
