১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ের ব্যাংকে লুকিয়ে থেকে ‘চুরির’ চেষ্টা, সরঞ্জামসহ যুবক আটক

“অনেক রাত পর্যন্ত বাজারে মানুষের উপস্থিতি থাকে। তারপরও এখানে ডাকাতির চেষ্টা চালিয়েছে। বিষয়টি উদ্বেগজনক।”

পঞ্চগড়ের ব্যাংকে লুকিয়ে থেকে ‘চুরির’ চেষ্টা, সরঞ্জামসহ যুবক আটক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা থেকে আটক হওয়া সহিদুল হক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা থেকে যুবককে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে ব্যাংকে লুকিয়ে ছিলেন তিনি। 

বুধবার রাতে ব্যাংকের ভজনপুর বাজার শাখার ভেতর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া। 

আটক সহিদুল হক (২৮) ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্ল মোহাম্মদের ছেলে।

ওসি মুসা মিয়া বলেন, বুধবার রাতে ব্যাংকের নাইটগার্ড ভেতরে আলো দেখতে পান এবং শব্দ পান। সন্দেহ হলে বিষয়টি তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে পুলিশকে অবহিত করেন। 

পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকে ঢুকে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ব্যাংকের ভল্টে ভাঙার চেষ্টার চিহ্ন দেখতে পাওয়া যায়। 

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়।

ব্যাংকের গার্ড আনিস বলেন, “রাতে বাইরে থেকে লাইট দেখে ও শব্দ শুনে একা প্রবেশের সাহস পাচ্ছিলাম না। সাথে সাথে ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যাই। এরপর ওই ডাকাতকে দেখতে পাই। ”

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান বলেন, “আটক যুবক বিকাল থেকেই ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ভল্ট কাটার চেষ্টা চালায়।”

ভজনপুর বাজারের ব্যবসায়ী হামিদুল হাসান লাবু বলেন, “একটি গুরুত্বপূর্ণ বাজারের উপর ব্যাংকটির অবস্থান। অনেক রাত পর্যন্ত বাজারে মানুষের উপস্থিতি থাকে। তারপরও এখানে ডাকাতির চেষ্টা চালিয়েছে। বিষয়টি উদ্বেগজনক।”

ওসি মুসা মিয়া জানান, ব্যাংকে ডাকাতির চেষ্টার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।