১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা, পরে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

এইচ. কে ট্রাভেলসের একটি বাসে করে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন সৈকত, বলছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 11:15 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার পর চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।  

বুধবার দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান।

মৃত ২৩ বছর বয়সী সৈকত আহম্মেদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাজার বেগুনীপাড়ার সোলেমান হোসেনের ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি হুমায়ুন কবির বলেন, “পরিবারের সঙ্গে ঈদ করতে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে ‘এইচ. কে’ ট্রাভেলসের একটি বাসে করে বগুড়ার উদ্দেশে রওনা হন সৈকত। বাসটি বগুড়ার শেরপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাসের লোকজন হাটিকুমরুল এলাকায় যাত্রীদের নামিয়ে যাত্রা বিরতি করতে চাইছিল। এ নিয়ে সৈকতের সঙ্গে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীর তর্ক শুরু হয়।

“কথা কাটাকাটির এক পর্যায়ে সৈকতকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলে পেছনের চাকার নিচে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বাস রেখে স্টাফরা পালিয়ে যায়।”

বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।