Published : 05 Mar 2026, 12:25 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জব্দ করা প্রায় ৪০০ কেজি গরুর মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস ব্যবসায়ী আলী আকবর গাজীর দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ।
অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন এবং কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী অসুস্থ ও মরণাপন্ন গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন।
প্রাণিসম্পদ বিভাগ,স্যানিটারি ইন্সপেক্টর ও পৌরসভার তদারকি কর্মকর্তার উদাসীনতার কারণে মাংস বিক্রেতারা মরা গরুর মাংস বিক্রি করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী, গরু জবাইয়ের আগে প্রাণিসম্পদ দপ্তর থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় এবং পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে তা জবাই করার কথা।
তবে অনেক ক্ষেত্রে বাইরে গরু জবাই করে কোনো সার্টিফিকেট ছাড়াই মাংস বাজারে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, “বুধবার একটি গরু কীটনাশক মিশ্রিত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মরণাপন্ন ওই গরু তড়িঘড়ি করে জবাই করা হয়। সেই মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার ফ্রিজে মজুদ করে রাখেন।
“এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কাছে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন।”
তিনি বলেন, “গরু জবাই করার আগে আমাদের দপ্তর থেকে সার্টিফিকেট নেওয়ার বিধান রয়েছে। তিনি এটি নেননি। এছাড়া ফ্রিজে গরুর মাংস, চামড়া, ভুড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করেছেন; এটি স্বাস্থ্যসম্মত নয়।”
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এ প্রাণিসম্পদ কর্মকর্তা।
মিরাজ হোসেন বলেন, “ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু জবাই এবং অস্বাস্থ্যকরভাবে মাংস, চামড়া, ভুড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করার অপরাধে জব্দ করা প্রায় ৪০০ কেজি মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
“রাতে ওই গরুর মাংস মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়।”
অসুস্থ, মরণাপন্ন বা রোগাক্রান্ত গরু জবাই বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।