ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে ২০ মামলার আসামিকে হত্যা, গুলিবিদ্ধ ৩
বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শিপন মিয়াকে গুলি করে হত্যা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শিপন মিয়া (৩০)। তিনি বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মোন্নাফ মিয়া ওরফে মনেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বাবা-ছেলে দুজনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা এবং শ্যামগ্রামের মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এমরান হোসেন (৩৮), হোটেলের কর্মচারী উপজেলার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন মিয়া (২০) এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম (১৮)। চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকায় মোন্নাফ মিয়া ও তার ছেলে শিপনের দীর্ঘদিন ধরে একক প্রভাব ছিল। তাদের সঙ্গে একই এলাকার থোল্লাকান্দি গ্রামের মিস্টার মিয়ার ছেলে আরাফাত মিয়ার বিরোধ চলছিল।
শনিবার রাত ৯টার দিকে বড়িকান্দি গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শিপন মিয়া আড্ডা দিচ্ছিলেন। এ সময় সশস্ত্র একটি দল হোটেলে ঢুকে গুলি চালায়। এতে শিপনসহ হোটেলের দুই কর্মচারী ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিপনের গুলিবিদ্ধ হওয়ার খবর নুরজাহানপুরে পৌঁছালে মোন্নাফ মিয়ার নেতৃত্বে একদল লোক গণি শাহ মাজারের অদূরে তালতলায় জড়ো হন। তখন তারা শিক্ষক এমরান হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালালে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের ধারণা, শিপনের ওপর হামলাকারী আরাফাত থোল্লাকান্দি গ্রামের এমরান হোসেনের আত্মীয়। এ কারণেই এমরানের কার্যালয়ে গিয়ে হামলা এবং তাকে গুলি করা হয়েছে।
এরপর হামলাকারীরা থোল্লাকান্দি গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়িঘর ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ বলছে, ঘটনার পর পরই উভয় পক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, “মনেক ডাকাত এলাকাটা শেষ করে ফেলেছেন। তার কারণেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। মনেক ডাকাতদের কারণেই এ ঘটনা ঘটেছে। গুলিতে মনেক ডাকাতের ছেলে নিহত হয়েছেন।”
গুলিবিদ্ধ কাউকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি বলে জানান নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।
নবীনগর থানার ওসি শাহিনুর রোববার রাতে বলেন, হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের পরিবার মামলা না করলে পুলিশ মামলা করবে।
