২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে ৪ ফসল ফলাতে চান গোপালগঞ্জের নারী কৃষকের দল

আগাম সরিষার পর বোরো ধান, বোরো কাটার পর পাটের চাষাবাদ, এরপর স্বল্প জীবনকাল সম্পন্ন আমনের আবাদ করবেন তারা।

বছরে ৪ ফসল ফলাতে চান গোপালগঞ্জের নারী কৃষকের দল

নিজেদের জমিতে নারী কৃষকদলের সদস্যরা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 01:43 PM

Updated : 04 Feb 2023, 03:18 PM

একই জমিতে বছরে চারটি ফসল ফলিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করে আয় দ্বিগুণের স্বপ্ন দেখছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৩০ জন নারী। 

এ জন্য উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া ব্লকের এই নারীরা সংগঠিত হয়ে ২৫ হেক্টর জমিতে খামার পদ্ধতিতে আগাম জাতের সরিষার চাষাবাদ করছেন। 

ভাটিয়াপাড়ার এই নারী দলের সদস্য লিলি বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঘরে বসে না থেকে কৃষি আবাদ বৃদ্ধি করতে কাজ শুরু করেছি। 

“কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস আমাদের প্রণোদনার বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭ ও বিনা সরিষা-৯ জাতের বীজ, রাসায়নিক সার, জৈব সার, কৃষি উপকরণ, পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছে। তাদের পরামর্শে আমরা গত ১০ নভেম্বর একসঙ্গে ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ শুরু করি। 

Image

প্রতি হেক্টরে ১.৫ টন থেকে ১.৮ টন সরিষার ফলন পাবেন বলে প্রত্যাশা তাদের।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, “ক্ষেত থেকে সরিষা তোলার পর বোরো ধান আবাদ করব। বোরো কাটার পর এই জমিতে পাটের চাষাবাদ হবে। এরপর স্বল্প জীবনকাল সম্পন্ন আমনের আবাদ করব। 

“আগে এই জমিতে তিনটি ফসল ফলত। এখন বছরে চারটি ফসল করতে পারব। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অতিরিক্ত ফসল উৎপাদন করে আমরা আয় দ্বিগুণ করতে পারব।” 

তিনি জানান, ক্ষেতে সরিষার ফলন বেশ ভাল দেখা যাচ্ছে। প্রতি হেক্টরে ১.৫ টন থেকে ১.৮ টন ফলন পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। 

ওই ব্লকের কৃষাণী রমা পাইক বলেন, “সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার ও গোবরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী রবি মৌসুমের শুরুতে আমাদের দল গঠন করে দেন। তাদের পরামর্শ অনুয়ায়ী কাজ করে আমরা সরিষার বাম্পার ফলন পেতে যাচ্ছি। 

“এইভাবে আধুনিক চাষাবাদের কলাকৌশল রপ্ত করতে পারলে আমাদের আয় অনেক বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। কৃষি কাজ করে আমরা পরিবার পরিজন নিয়ে ভাল থাকতে পারব।” 

কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জেলার গোবরা ইউনিয়নের কৃষকরা মাঠে মাঠে সরিষাসহ সোনা ফলাচ্ছেন। 

বাজারে ভোজ্যতেলের বেশ ভাল দাম রয়েছে। তাই কৃষাণী দল আগ্রহভরে সরিষার আবাদ করেছেন। তাদের মাঠে সরিষার ফলনও ভাল দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে এবার সরিষার বাম্পার ফলন পেয়ে তারা লাভবান হবেন। 

গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচএম খায়রুল বাসার বলেন, বারি সরিষায় ৪৫% থেকে ৫০% তেল পাওয়া যায়। এতে সেচ ও পরিচর্যা খরচ খুবই কম। তাই এই সরিষা চাষ করে কৃষক লাভবান হন। এই সরিষার চাষাবাদ বৃদ্ধি করে ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমানো সম্ভব। 

পাশাপাশি দুই ফসলের জমিকে তিন ফসলী ও তিন ফসলের জমিকে চার ফসলে রূপান্তরিত করা যায়। গোবরা ব্লকের নারী দল একই জমিতে চারটি ফসল করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করি। 

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, আমদানী নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে সরকার। তাই আমরা উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন বারি ও বিনা সরিষার আবাদ বৃদ্ধি করেছি । এখানে নারী গ্রুপ সবচেয়ে ভাল কাজ করেছে। 

কৃষিকে লাভজনক করতে ও কৃষকের আয় দ্বিগুণ করে দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন বলেও জানান এই কৃষি কর্মকর্তা।