Published : 26 Apr 2026, 12:40 PM
গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে এক তরুণ এবং রেললাইন থেকে তার বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে বনমালা এলাকা লাশ দুটি উদ্ধারের খবর জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান।
নিহতরা হলেন- ওই বনমালা এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী মো. সোহেল হোসেন এবং তার ছোট ছেলে ১৮ বছরের সাকিব হোসেন।
এ ঘটনায় নিহত সোহেলের বড় ছেলে সোহানকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আর নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বলছে, সোহেল হোসেন এক সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে দুই ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন করতেন।
উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছোট ছেলে সাকিব লেখাপড়ার পাশাপাশি চাকরিও করতেন।
শনিবার গভীররাতে নিজ ঘরে মুখে কাপড় গুঁজে রাখা অবস্থায় সাকিবের মরদেহ পাওয়া যায়। আর তার বাবা সোহেলের মরদেহ পড়েছিল বনমালা রেললাইনে।
পুলিশ বলছে, ঘটনার সময় বড় ছেলে পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নাইট ডিউটি শেষে গভীর ঘুমে থাকায় তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন।
ওসি মেহেদী হাসান বলেন, “এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
“তবে ছেলের শরীরে জখমের চিহ্ন দেখা গেছে এবং তার মরদেহের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে। এ থেকে আপাতত ধারণা করা হচ্ছে যে, ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।”
এ ঘটনায় নিহতের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।