Published : 21 Jul 2026, 07:11 PM
চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল পাওয়ায় একটি কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের জোড় পুকুর পাড় এলাকায় ‘ঢাকা কনফেকশনারি’তে অভিযান চালান অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানের সময় দোকানের শোরুমের পেছনের একটি ফ্রিজে বিক্রির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও ছিল না।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আব্দুল্লাহ আল ইমরানের নির্দেশে ঘটনাস্থলেই মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেয়।
অভিযান শেষে আব্দুল্লাহ আল ইমরান বলেন, “মেয়াদোত্তীর্ণ বা প্রয়োজনীয় তথ্যবিহীন খাদ্যপণ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি ব্যবসায়ীদের খাদ্যপণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা বিক্রির জন্য সংরক্ষণ না করার আহ্বান জানান।
অভিযানের সময় আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।