Published : 13 May 2024, 02:28 PM
কক্সবাজারে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা কমিউনিটি নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।
সোমবার ভোরে উখিয়া উপজেলার-৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) ওই ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি ছিলেন।
তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রোববার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ১০-১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।
“এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।”
ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্যরা এ খুন করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ তদন্ত করার পাশপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।