Published : 11 Jul 2026, 07:22 PM
দিনাজপুর সদর উপজেলা সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া চারজন বাংলাদেশে প্রবেশ করতে না পেরে শূন্যরেখায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলার কমলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দাইনুর সীমান্ত পিলার ৩১৫ নম্বরের পাশ দিয়ে একই পরিবারের চার সদস্যকে ঠেলে দেয় বিএসএফ।
বিষয়টি গ্রামবাসী দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা গিয়ে তাদের বাধা দেন। এরপর থেকে তারা শূন্যরেখায় অবস্থান করছেন।

চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। বিকাল ৫টার দিকে তাদেরকে কাঁদা-পানির মধ্যে একটি মাঠে বসে থাকতে দেখা গেছে। সীমান্তে এপাশে তাদের ঘিরে বিজিবি সদস্যরা রয়েছেন।
সীমান্তবর্তী গ্রামের মানুষ ও সংবাদকর্মীদের সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
এ দৃশ্যের দেড় মিনিটের একটি ভিডিও সংবাদকর্মীদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিজিবি সদস্যরা তাদের সঙ্গে কথা বলেন।
তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিজিবির সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।