২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ইমজার নিন্দা ও প্রতিবাদ

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ইমজার নিন্দা ও প্রতিবাদ
সিলেটে হামলার শিকার হন দুই টিভি সাংবাদিক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:01 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

সিলেটে সাংবাদিকদের ওপর একদল শিক্ষার্থীর হামলা-মারধরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট-ইমজা সিলেট শাখা।

শনিবার বিকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার দাবিতে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করেন সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 

এ সময় দুই সাংবাদিক মোটরসাইকেলে চৌহাট্টা পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা তাদের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সাংবাদিদের ওপর হামলা শুরু করে।

এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ আবার সাংবাদিকদের হামলা থেকে বাঁচানোর চেষ্টাও করেন। পরে সাংবাদিকরা চলে যান।  

সময় টেলিভিশনের সিলেটের নিজস্ব প্রতিবেদক অপু বণিক সাংবাদিকদের বলেন, “বিকালে সাড়ে ৪টার দিকে চৌহাট্টা পয়েন্টে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে আমি ও আমাদের ভিডিও জার্নালিস্ট নওশাদ ভাই ছাত্রদের হামলার শিকার হলাম। প্রচণ্ড কিল-ঘুষি, লাথি মেরেছে ছাত্ররা। কোনোরকম জীবন বাঁচিয়ে সেখান থেকে সরে এসেছি।”

রাতে ইমজার সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। 

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে আক্রমণের শিকার হন সময় টেলিভিশনের নওশাদ আহমদ চৌধুরী ও অপু বণিক। তারা শিক্ষার্থীদের গ্রাফিতি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন। 

“এর আগে সংবাদ সংগ্রহকালে বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এ টি এম তুরাব। নগরীর জিন্দাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিভৎসভাবে মারধর করে ৭১ টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমেদ সুজাত ও ক্যামেরা পারসন তারেক আহমেদ সানিকে। ভেঙে চুরমার করে দেওয়া হয় তাদের ক্যামেরা-মাইক্রোফোন।”

ইমজা নেতারা বলেন, “এই ধরনের হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।”

হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নেতারা।