২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘অপহৃত’ ছাত্রী দুই মাস পর উদ্ধার, দুইজন গ্রেপ্তার

আটকদের বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণের অভিযোগও আছে বলে পুলিশ জানায়।

লক্ষ্মীপুরে ‘অপহৃত’ ছাত্রী দুই মাস পর উদ্ধার, দুইজন গ্রেপ্তার
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

লক্ষ্মীপুরে অপহরণের দুই মাস পর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে  উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

পরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে বুধবার বিকালে সদর মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান।

গ্রেপ্তার শাওন সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের ও রাব্বি একই এলাকার বাসিন্দা। 

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

সদর মডেল থানার এসআই গোলাম মোস্তফা বলেন, “ভিকটিমকে গ্রেপ্তাররা ২ মাস আগে তুলে নিয়ে যায়। র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারী জিরো পয়েন্ট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী দুই জনকে গ্রেপ্তার করা হয়। ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।” 

“পরে গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।” 

মামলার নথির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষ্ষ্ঠ শ্রেণির ছাত্র (১২)।

বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে শাওন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। ঘটনাটি ছাত্রী তার মাকে জানায়। 

পরে তার মা ঘটনাটি শাওনের বাবা ও ফুফুকে জানালে তারা বিয়ের জন্য প্রস্তাব দেন। 

মামলায় আরো বলা হয়, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার বিয়েতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত ২০ জানুয়ারি বিদ্যালয় যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় শাওন ও তার লোকজন। 

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ছাত্রীর মা বাদী হয়ে শাওন-রাব্বিসহ চার জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। 

মামলায় অন্য আসামিরা হলেন- শাওনের বাবা মোসলেহ উদ্দিন ও ফুফু তাসলিমা বেগম। 

অপহরণের ২ মাস ৫ দিন পর মঙ্গলবার র‌্যাব অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকার জিরো পয়েন্ট এলাকা থেকে শাওন ও রাব্বিকে গ্রেপ্তার করে। 

পরে হাটহাজারীর কামালপাড়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।