২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসুর ভোট গণনা: বিভ্রান্ত না হতে বলছে নির্বাচন কমিশন

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। 

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। 

ভোট গ্রহণের পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দ্রুত ফল ঘোষণার দাবিতে শুক্রবার সন্ধ্যার দিকে জাকসুর সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই অবস্থার মধ্যে এই আহ্বান এল। 

ভোট গণনা চলমান রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে।… নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।”

এদিন সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সেই কারণে এবং পরে জুমা, জানাজা ও দুপুরের খাবারের জন্য কিছু সময় করে ভোট গণনার কাজ স্থগিত ছিল। পরে আবার শুরু হয়।

এসব কারণে ভোট গণনার গতি কিছুটা হ্রাস পায় জানিয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ সবিনয় অনুরোধ জানানো হয়েছে।”

১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।