Published : 06 Mar 2026, 11:58 PM
ভোলা থেকে অন্য জেলায় অবৈধভাবে সার পাচারের সময় এক হাজার ৪২০ বস্তা টিএসপিসহ চারটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয় এক ট্রাক চালককে।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুটি ফেরি থেকে এসব জব্দ করা হয় বলে জানান ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম।
আটক ট্রাক চালককের নাম আরমান। এ ছাড়া তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল বিভাগের সব জেলায় সার বিতরণ করা হয়। জব্দ করা সারগুলো বরিশাল ও বরগুনায় যাওয়ার কথা থাকলেও তা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বলে ভাষ্য পুলিশের।
গোপন খবর পেয়ে লক্ষ্মীপুরগামী ‘সুফিয়া কামাল’ ফেরি থেকে তিনটি ও কুসুমকলি ফেরি থেকে একটি সারবোঝাই ট্রাক আটক করা হয়। তবে তিনটি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
সারগুলো ভোলার সরকারি গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। তবে বাপার গুদামের বাহিরে গেলে সে দায়িত্ব কর্তৃপক্ষের নয় বলে দাবি ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজের।
তিনি বলেন, “সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজ আমাদের কাছে আছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা আমরা জানি না।”
পুলিশ ইন্সপেক্টর বশির আলম বলেন, “অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির জন্য ভোলা থেকে সারগুলো অন্যত্র পাচার করছিলেন। চারটি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করেছি; যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।”
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।