নীলফামারীতে প্রাথমিকের ৭০ ভাগ ঘাটতি রেখেই ‘বই উৎসব’
এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে বইয়ের ঘাটতি ছিল পাঁচ ভাগ।
নীলফামারীতে প্রাথমিকের ৭০, মাধ্যমিকের পাঁচ ভাগ বইয়ের ঘাটতি রেখেই বছরের প্রথম দিনে বই উৎসব হয়েছে।
রোববার সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, জেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৭১৮ জন। এসব শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে ১৭ লাখ ৭৫ হাজার ৬১৯টি। এ পর্যন্ত ৩০ দশমিক ৫০ ভাগ বই হাতে এসে পৌঁছেছে। বাকি বই চলতি মাসের ১৫ তারিখের মধ্যে পাব বলে আশা করছি।
শতভাগ বই না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান বই ছাপানোর কাজে বিলম্ব করায় বিঘ্ন ঘটেছে বলে জানতে পেরেছি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “জেলায় মাধ্যমিক পর্যায়ে দুই লাখ ৮৫ হাজার ১০ শিক্ষার্থী আছে। তাদের মধ্যে ২৮ লাখ ১১ হাজার ১৫৪টি নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে ৯৫ ভাগ বই আমাদের হাতে এসে পৌঁছেছে। বাকি বই দু’একদিনের মধ্যে এসে পৌঁছবে বলে আশা করছি।’
রোববার জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে বই বিতরণের উৎসব চোখে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট পাঁচ লাখ ২৩ হাজার ৭২৮ জন শিক্ষার্থী আছে। এসব শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হবে ৪৫ লাখ ৮৬ হাজার ৭৭৩টি।
