লালমনিরহাটে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় চেক জালিয়াতিসহ নানাভাবে প্রতারণা করছিলেন প্রীতিশ কুমার।
লালমনিরহাটে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পাচঁ মামলায় তিনি সাজাও পেয়েছেন।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম।
গ্রেপ্তার প্রীতিশ কুমার বর্মণ লালমনিরহাট সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মাধব বর্মনের ছেলে।
ওসি এরশাদুল জানান, পাচঁটি সাজা ওয়ারেন্টসহ ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রীতিশ। তিনি লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় চেক জালিয়াতিসহ নানাভাবে প্রতারণা করছিলেন। এ বিষয়ে তার নামে একাধিক মামলা রয়েছে।
প্রীতিশ চার বছর আগে জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার পদে কর্মরত ছিলেন। এরপর তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী হন। তখন থেকে তিনি পলাতক ছিলেন।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
