২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাবা-মায়ের সঙ্গে সখ্য গড়ে হাসপাতাল থেকে শিশু চুরি, গ্রেপ্তার ২

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যায় শিশুটি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 09:49 PM

Updated : 03 Nov 2023, 09:49 PM

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার গভীর রাতে শিশুটিকে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই মহানগরীর ভোড়া (চৌকিদার বাড়ি) এলাকা থেকে উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান। 

গ্রেপ্তার মোসা. সুলতানা খাতুন (২৬) নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশদার গ্রামের সুলতান মিয়ার স্ত্রী। তিনি ভোড়া (চৌকিদার বাড়ি) এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। অপরজন হলেন- ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট গ্রামের বাসিন্দা মোসা. ফারজানা আক্তার (১৯)।  

উদ্ধার হওয়া শিশু লাবিব (১) গাজীপুর মহানগরীর সদর থানার মাঝিরখোলা এলাকার সুজন মিয়ার ছেলে। সুজন তার স্ত্রী হামিদা আক্তার ও দুই সন্তানকে নিয়ে সেখানে ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে শিশু লাবিব হাঁটুতে ব্যাথা পায়। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড যন্ত্রণা হলে মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তার ডান পায়ে প্লাস্টার করে দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এ সময় হাসপাতালে বোরকা পরিহিত অবস্থায় সুলতানা শিশুটির বাবা-মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন।  একপর্যায়ে বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

ওসি বলেন, বিষয়টি বুঝতে পেরে সুজন মিয়া সদর থানায় মামলা করেন। রাতেই পুলিশ সিসিটিভি ফুটেজ, তথ্য-প্রযুক্তির সহায়তায় সুলতানার বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় সুলতানা ও ফারজানাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ফারজানা ঢাকা থেকে এসেছিল। সকালে শিশুটিকে নিয়ে তার ঢাকায় চলে যাওয়ার কথা। সুলতানা শিশুটি বিক্রির জন্য চুরি করেছিলেন।”