২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতি ট্রেনে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির অনুমতি মিলল

ভারত থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসা কনটেইনার ট্রেন খালি ফিরে যায়; কিন্তু তার ভাড়া বাংলাদেশি ব্যবসায়ীদের মেটাতে হয়।

ফিরতি ট্রেনে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির অনুমতি মিলল

বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতের কনটেইনার ট্রেন।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 09:15 PM

Updated : 04 Nov 2022, 10:01 PM

ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রেনের ফিরতি যাত্রায় বেনাপোল থেকে বাংলাদেশি পণ্য নেওয়ার অনুমতি দিল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ভাড়া নির্ধারিত হলেই এসব ট্রেনে পণ্য রপ্তানি শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। 

কবে নাগাদ এই সুবিধা ব্যবহার করে পণ্য রপ্তানি শুরু করা যাবে তা নিয়ে বৃহস্পতিবার দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের সভা হয়েছে। 

চলমান ব্যবস্থায় আমদানি পণ্য নিয়ে আসা ভারতের কনটেইনার ট্রেন বাংলাদেশে পণ্য খালাস করে খালি ফিরে যেত। কিন্তু ওই খালি ট্রেনের ভাড়াও বাংলাদেশি ব্যবসায়ীদের মেটাতে হতো। তাই ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল ফিরে যাওয়া ট্রেনে পণ্য রপ্তানির সুযোগ পাওয়া। 

তাদের এ দাবির মুখে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষের সম্মতিতে ওই সব ট্রেনে পণ্য রপ্তানির দুয়ার উন্মোচিত হলো। কম খরচে রেলপথ ব্যবহার করে ভারতে পণ্য রপ্তানি করার সুযোগ তৈরি হলো। 

বেনাপোল শুল্কভবনের কমিশনার আবদুল হাকিম জানান, ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রেন বাংলাদেশে খালাসের পরে ফেরার সময় বাংলাদেশি পণ্য ভারতে নিতে পারবে মর্মে এনবিআর অনুমোদন দিয়েছে। 

এনবিআরের দ্বিতীয় সচিব মো. তারেক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র গত ১১ অক্টোবর বেনাপোল শুল্কভবনে পৌঁছায় বলে আবদুল হাকিম জানান। 

ওই চিঠির বরাতে কমিশনার আবদুল হাকিম বলেন, চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ১৩তম যৌথ শুল্ক দলের সভায় বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়; যার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেন্ট্রাল বর্ডার অব ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস ফিরতি ট্রেনে বেনাপোল-পেট্রাপোল ও গেদে-দর্শনা পথে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির সুযোগ দেয়। 

বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ২৮৮টি ট্রেনে ভারত থেকে বিভিন্ন ধরনের আমদানি পণ্য বাংলাদেশে এসেছে।

“চার ধরনের ট্রেনে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়। এর মধ্যে রয়েছে এনএমজি র‌্যাক, বিসিএন ওয়াগান, কনটেইনার ও পার্সেল ট্রেন। 

“এর মধ্যে শুধু কনটেইনার ট্রেন ভারতে খালি ফিরে যাওয়ার সময় ভাড়া নেওয়া হয়। গত ১০ মাসে ৫৯টি কনটেইনার ট্রেন বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।” 

কনটেইনার ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে চাইলে সাইদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে আসা কনটেইনার ট্রেনে ২০ ফুট লম্বা ৬০টি অথবা ৪০ ফুট লম্বা ৩০টি করে কনটেইনার থাকে। ন্যূনতম ৫০ কিলোমিটার রেলপথ অতিক্রমের জন্য ৪০ ফুটের একটি কনটেইনারে পণ্যসহ ভাড়া ১২ হাজার ৪৮০ টাকা ও খালি কনটেইনারের ভাড়া নয় হাজার ১৫০ টাকা। 

তিনি বলেন, আমদানি পণ্যের জন্য ভাড়া নির্ধারিত থাকলেও রপ্তানি পণ্যের জন্য এখনও ভাড়া নির্ধারণ করেনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, “প্রতিদিন রেলওয়ের মাধ্যমে ভারত থেকে বেনাপোলে আমদানি পণ্য আসছে। ভারতীয় ওই রেল বেনাপোল বন্দরে পণ্য খালাস করে খালি বগি নিয়ে কলকাতায় ফিরে যায়। আমরা রেলে ভারতে পণ্য পাঠাতে পারি না।” 

ওই রেলে বাংলাদেশি পণ্য পাঠানোর অনুমতি দেওয়ার ফলে বাণিজ্য সহজ ও পরিবহন ব্যয় কমে আসবে বলে তিনি জানান। 

ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং-সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, “দীর্ঘ দিন ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম ফিরতি ট্রেনে পণ্য রপ্তানির জন্য। জাতীয় রাজস্ব বোর্ড সেই দাবি বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে এ পথে আমদানি-রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের রাজস্বও বাড়বে।” 

কমিশনার আব্দুল হাকিম বলেন, “পণ্য ওঠানো-নামানো ও শুল্কায়নের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখন ফিরতি যাত্রায় রপ্তানি পণ্য পরিবহনের সুযোগ তৈরি হওয়ায় তুলনামূলক কম খরচে পণ্য রপ্তানি করতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরা।” 

কবে নাগাদ পণ্য রপ্তানি শুরু করা যাবে এমন প্রশ্নের জবাবে ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর উদ্যোগে বেনাপোল শুল্কভবনের কমিশনারের সহযোগিতায় শুল্কভবনের ইছামতি হলে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ। সভায় উভয় দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। 

ফিরতি ট্রেনে বাংলাদেশি গার্মেন্টস সামগ্রি রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে তার সম্ভাব্যতা যাচাই করে খুব দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যাপারে সভার সবাই একমত হয়েছেন বলে জানান মতিয়ার।