তিস্তার ভাঙন: কুড়িগ্রামে স্কুলসহ অর্ধ শতাধিত বাড়িঘর বিলীন
জিও ব্যাগ ফেলে সরকারি স্কুলটি রক্ষার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।
ভাঙনের কবলে পড়ে গত ১৫ দিনে কুড়িগ্রামে শত বিঘা আবাদি জমি, অর্ধ শতাধিক বাড়িঘর এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আরও দেড় শতাধিক বাড়িঘর।
আপাতত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিলেও সংশ্লিষ্ট এলাকার মানুষ স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বজরা পশ্চিমপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নদী তীর থেকে বাড়িঘর সরিয়ে জিনিসপত্র খোলা আকাশের নিচে ফেলে রেখেছেন স্থানীয়রা। ভাঙন কবলিত এসব মানুষের নিজস্ব জমি না থাকায় নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ঈদের ১০/১২ দিন আগে থেকেই ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ দিয়ে সরকারি স্কুলটি রক্ষার চেষ্টা করা হলেও সেইসব জিও ব্যাগসহই স্কুল ভবনটি নদী গর্ভে চলে গেছে।
একই সঙ্গে বিলীন হয়েছে আশপাশের আরও ৪৫-৫০টি বসতবাড়ী। সবজি ও পাটক্ষেতসহ শতবিঘা আবাদি জমি নদী গ্রাস করে নিয়েছে। বিলীন হয়েছে গাছপালা এবং পুকুরও।
নদী তীরের বাসিন্দা শহিদুর ইসলাম (৫৬) জানান, ভাঙনের কবল থেকে বজরা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা করা যায়নি। এবারের ভাঙনে ঠিকানা হারিয়েছে অর্ধ শতাধিক পরিবার। আরও অন্তত দেড় শতাধিক বসতবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে।
এভাবে নদী ভাঙতে দেখে পেছনের দিকে আরও ৬০০-৭০০ পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি।
বজরা পশ্চিমপাড়া গ্রামের সত্তরোর্ধ্ব আব্দুল খালেক বলেন, “এই নিয়ে ১২ বার আমার বসতবাড়ি নদীর কবলে পড়ল। এখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের সব জমিজমা নদীর মধ্যে চলে গেছে। এখন আর মাথাগোঁজার মত কোনো ঠাঁই নেই। বাধ্য হয়ে রাস্তায় খোলা আকাশের নিচে জিনিসপত্র রেখেছি। এখন কোথায় যাব, কী করব; কিছুই ভেবে পাচ্ছি না।”
জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা যাচ্ছে না উল্লেখ করে স্থানীয় নুর আলম (৬০) বলেন, “রোববার পানি উন্নয়ন বোর্ড থেকে লোকজন এসে ১৮০ মিটার খোলা জায়গায় জিও ব্যাগ ফেলবে বলে জানিয়েছে। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। আমরা ত্রাণ-টাকা-পয়সা কিছুই চাই না। আমরা তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাই।”
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টির কারণে তিস্তায় পানি বেড়েছে, স্রোতেরও তীব্রতা বেড়েছে। আর এ কারণে অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
“আমরা সার্বক্ষণিক নজরদারীতে রেখেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, লোকালয় ভাঙনের কবলে পড়লে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এরই অংশ হিসেবে আপাতত পশ্চিম বজরায় আমরা জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছি। আশা করা যাচ্ছে, এতে ভাঙন রোধ করা সম্ভব হবে।”
